কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

20 Nov 2026

আজ ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার দুপুর ৩:৩০ এ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও শিল্পায়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশান বিষয়ক সেমিনার-এর আয়োজন করা হয়।
“The Role of Academia-Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization” শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাবীবুর রহমান। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. জি. এম. শফিউর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাজেস্টো লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (বিজনেস অপারেশন-সিওও) ইঞ্জিনিয়ার ইসহাক রনি, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) সভাপতি লায়ন মো. আবু বকর সিদ্দিক এবং প্রতিষ্ঠানটির পরিচালক এ. কে. এম. মাহফুজুর রহমান বাপ্পী। 
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন “বেকারত্ব” দূরীকরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর মেলবন্ধন, গবেষণার উৎকর্ষ, বাস্তবমুখী শিক্ষা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য বলেন, এই কোলাবরেশানের দ্বারা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কর্মবাজারে প্রবেশের সক্ষমতা বৃদ্ধির এবং গবেষণার ফলাফল শিল্প ও জাতীয় উন্নয়নে ব্যবহারিকভাবে প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবর্গ শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সম্মতি জানান। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও দক্ষ মানবসম্পদকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে।
একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশান বিষয়ক এই সেমিনার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা কার্যক্রমের সঙ্গে শিল্প খাতের সংযোগ জোরদার এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা দান করেছে।

Event Photo