কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে “ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত

08 Oct 2026

উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬’। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবীবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নায়লা ইয়াসমিন (রেজিস্টার, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়), জনাব মুহাম্মদ কামরুল আহ্‌সান (সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার), জনাব মোঃ এনায়েত হোসেন (ইউনিট লিডার, গুরুদয়াল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ), জনাব মোছাঃ ছামিরা খাতুন (প্রভাষক, গণিত বিভাগ, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও গার্ল-ইন-রোভার স্কাউট লিডার), বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট লিডার জনাব মোঃ হারুন অর রশিদ।

দীক্ষা অনুষ্ঠান রোভার স্কাউটদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন রোভাররা স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, মানবিকতা ও সেবার চেতনাকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। দীক্ষার আনুষ্ঠানিকতার পাশাপাশি ডে ক্যাম্পের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভারদের মধ্যে নেতৃত্বগুণ, দলগত সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বিকাশ ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ হাবীবুর রহমান রোভার স্কাউটদের সেবামূলক কার্যক্রমে উৎসাহিত করেন এবং সমাজ ও দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ অতিথি অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান রোভার স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানজুড়ে রোভার স্কাউট সদস্যদের মধ্যে ছিল প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবের আমেজ। নতুন রোভারদের দীক্ষা গ্রহণ এবং স্কাউটিংয়ের আদর্শে নিজেদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে দিনটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের জন্য একটি স্মরণীয় আয়োজনে পরিণত হয়। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ‘সেবাই স্কাউটিংয়ের মূল মন্ত্র’ ধারণাকে আরও দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Event Photo